
রাজিউল হাসান পলাশঃ কোভিড ১৯ করোনা জয় করে সুস্থতার ছাড়পত্র পেয়েছে ঢাকার ধামরাইয়ে করোনা আক্রান্ত মা ও ছেলে। এনিয়ে ধামরাই উপজেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত ৩ জন ব্যক্তি সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। ধামরাই উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শামীম তিনি ঢাকা জেলা প্রশাসকের সাধারণ শাখার অফিস সহকারী। তার সংস্পর্শে তার মা ও করোনাক্রান্ত হন।
আজ সোমবার (০৪ মে) তাদের সুস্থতার ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত ১৬ এপ্রিল থেকে শামীম এবং ১৯ এপ্রিল হতে তার মা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের শারিরীক অবস্থা ভালো থাকায় তাদের হাসপাতালে রাখা হয়নি। ১৪ দিন চিকিৎসাধীন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হলে পরপর দুইবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় আজ সোমবার ( ০৪ মে) তাদের সুস্থতার ছাড়পত্র দেয়া হয়।
আজ বেলা এগারোটায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা’র নেতৃত্বে স্বাস্থ্যসেবার একটি টিম হাজীপুরে করোনা আক্রান্ত মা ও ছেলেকে তাদের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছাসহ সুস্থতার ছাড়পত্র দিয়ে আসেন। ছাড়পত্র দেয়ার সাথে তাদের দেয়া হয় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভিটামিন সি সমৃদ্ধ পুষ্টিকর খাবার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা বলেন, তাদের সুস্থতার ছাড়পত্র দেয়ার পাশাপাশি এই মুহুর্ত থেকে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয় এবং মানসিক চাপ কমাতে আরো ৭দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্যে নির্দেশ দেয়া হয়।
এভাবেই করোনা আক্রান্ত জনগণ সুস্থ হয়ে তাদের পরিবারে ফিরে যাক এটাই আমাদের প্রত্যাশা ও অংগীকার।।
