
সখীপুরে রাতের আঁধারে ছাত্র লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে জেলা ছাত্রলীগ সদস্য এসএম জোবায়েরকে (২৮) কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা । রোববার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের পূর্ব চতলবাইদ এলাকায় একটি গানের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। রাতেই গুরুতর আহত জোবায়েরকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্বৃত্তদের কোপে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন প্রায় । এ ছাড়া তার পায়েও কোপানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ করা হয়নি বলে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান।
আহত জোবায়ের উপজেলার কালমেঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগেরও সদস্য ছিলেন।
জোবায়েরের বড় ভাই জাহিদ হোসেন বলেন, রবিবার মোটরসাইকেল যোগে ইউনিয়নের চতলবাইদ গ্রামে একটি গানের অনুষ্ঠানে যান জোবায়ের। রাত সাড়ে নয়টার দিকে ওই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ২০ থেকে ২৫ জন তরুণ তার পথরোধ করে দা, রড নিয়ে জোবায়েরের ওপর হামলা চালায়। দায়ের কোপে জোবায়েরের ডান হাতের কবজি প্রায়ই বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জোবায়েরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই ঢাকা তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
