
আগামী ৫ জানুয়ারি সাভারের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সাধারণ সদস্য পদে প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়।
নানারকম নির্বাচনী গান আর মাইকিংয়ে চলছে প্রচারণা। প্রার্থীরাও দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতি। তবে ব্যতিক্রমী প্রচারণার কারণে ইতোমধ্যে আলোচনায় এসেছেন বিরুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম মণ্ডল।
ইউনিয়নের বিভিন্ন রাস্তার অলিগলিতে হাতে হ্যান্ডমাইক আর লিফলেট নিয়ে জনসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী সেলিম মণ্ডল। রাস্তার মোড়ে মোড়ে সমবেত জনতার দৃষ্টি আকর্ষণ করে সালাম দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন এবং নিজের জন্য ভোট চাচ্ছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন নিজের লিফলেট।
জেলা পরিষদের নির্বাচিত সদস্য পদ ছেড়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়া এই জননেতার এমন প্রচারণাকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন এলাকার ভোটাররা।
কোনো দলীয় টিকিট ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে সেলিম মণ্ডলের এমন প্রচারণায় বাহবা দিচ্ছেন অনেকেই। তারুণ্য, সাহস ও জনগণের প্রতি তার প্রতিশ্রুতিতে অনেকেই মুগ্ধ হচ্ছেন।
ইউনিয়নের সাধারণ ভোটাররা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রচারণার ধরনও পাল্টে যাচ্ছে। সেলিম মণ্ডল সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে সহজেই যেকোনো জায়গায় সবার মনোযোগ আকর্ষণ করতে পারছেন।
আবুল হোসেন নামের এক বয়োবৃদ্ধ ভোটার বলেন, ‘সেলিম মণ্ডল সবসময় মানুষের পাশে ছিলো। জেলা পরিষদের সদস্য হলেও এলাকার মানুষের সঙ্গে ছিলেন সবসময়। সে চেয়ারম্যান হলে আরো কাজ করতে পারবে।
এমন প্রচারণার বিষয়ে সেলিম মণ্ডল বলেন, ‘আসলে সামনে সময় কম। আমি চাচ্ছি কম সময়ে বেশি মানুষের কাছে ‘পরিবর্তনের ডাক’ পৌঁছাতে
আমিও ভেবেছিলাম লোকে কী ভাববে কিন্তু ভোটাররা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন। তাই কর্মী বাহিনীর পাশাপাশি নিজেই মাইক আর লিফলেট হাতে ভোটারদের কাছে যাচ্ছি।’
নির্বাচনে কোনো কারচুপি না হলে জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সাভার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এই ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার ভোটার সংখ্যা পাঁচ লাখ ২৬ হাজার ৯০৪ জন।
সাভারের আরেক ইউনিয়ন পরিষদ ধামসোনা ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হচ্ছে বিধায় এ ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
