• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ২০৪ মন্ডপে শারদীয় দুর্গাপূজা

সেপ্টে. 27, 2022

রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাই উপজেলায় ২০৪টি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুভ মহালয়ার মধ্য দিয়ে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ১ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজা

গত দুই বছর করোনার কারণে বিধিনিষেধের মধ্য দিয়ে সীমিত পরিসরে উৎসবটি পালন করা হয়। তাই এবারের আয়োজন হচ্ছে বেশ ঘটা করে। এক মাস ধরে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। এবছরই এ উপজেলায় সর্বোচ্চ ২০৪টি মন্ডপে দুর্গোৎসব আয়োজিত হচ্ছে। এর মধ্যে ৪১টি মন্ডপ ধামরাই পৌরসভায় আর বাকি গুলো উপজেলার ১৬টি ইউনিয়নে।

মণ্ডপে মণ্ডপে দুর্গাদেবীর প্রতিমার সঙ্গে শোভা পাচ্ছে গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুর, সিংহ, মহিষ, মহাদেব ও কার্তিকের প্রতিমা। ধামরাইয়ের বিভিন্ন মন্দিরে প্রতিমায় রংসহ অন্যান্য কাজ করছেন রিপন পাল ও তাঁর সহযোগীরা। কথা বলার ফুরসত নেই তাঁদের। রিপন পাল বলেন, ‘এ বছর ১৩টি প্রতিমার কাজ শুরু করেছি। সামনে বেশি সময় না থাকায় দিনরাত কাজ করতে হচ্ছে।’

এবার বিধিনিষেধ না থাকায় আনন্দের মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপন করা সম্ভব হবে বলে মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ধামরাই উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু নন্দ গোপাল সেন বলেন, ‘করোনা মহামারির পর আশা করছি এবার অত্যন্ত সুন্দর ও আনন্দের মধ্য দিয়ে সবাই মিলে উৎসবটি পালন করতে পারব।’

তবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে এ বছর সরকারের বিধিনিষেধের কারণে আলোকসজ্জায় কিছুটা ঘাটতি থাকবে বলে মনে করছেন পূজা সংশ্লিষ্টরা। উৎসবের সব আয়োজন শেষের দিকে। তবে বিদ্যুৎ ব্যবহারে কিছু বিধিনিষেধ থাকায় আলোকসজ্জায় সামান্য ঘাটতি হলেও উৎসবের আনন্দে ঘাটতি হবে না।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে প্রতিবছর যে অনুদান বা উপহার দেওয়া হয়, তা প্রক্রিয়াধীন। তালিকা অনুযায়ী মণ্ডপ বা মন্দির কর্তৃপক্ষকে উপহার দেওয়া হবে। এ উৎসব আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক ওসি আতিকুর রহমান বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী বলেন, ‘আমরা ইতিমধ্যে পূজা উদ্‌যাপনসংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেছি। পূজার সময় গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এ ছাড়া কন্ট্রোলরুম খোলা, ২৪ ঘণ্টা সাইবার মনিটরিং, টহল পুলিশ দায়িত্ব পালনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments