• মঙ্গল. অক্টো. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাঝারদিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চান: ফারুক মাতুব্বর

অক্টো. 27, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের সেবা করতে চান উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মাতুব্বর। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচিত হলে ইউনিয়নে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং রাস্তাঘাট ও শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ফারুক মাতুব্বর। তিনি মাঝারদিয়া ইউনিয়নের বাতা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. আয়নাল মাতুব্বর সাবেক ইউপি সদস্য।

জনগণের ভালোবাসায় প্রার্থী হওয়ার আগ্রহ

ফারুক মাতুব্বর বলেন, জীবনের শুরু থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঝারদিয়া ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, “মাঝারদিয়া ইউনিয়নবাসীর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে। জনগণ আমাকে ভালোবাসেন, আমিও তাঁদের ভালোবাসি। সেই সম্পর্ক ও মানুষের সেবা করার প্রত্যাশা থেকেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। ইনশাআল্লাহ, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাব বলে আমি বিশ্বাস করি।”

দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী

দলীয় মনোনয়ন বা সমর্থনের বিষয়ে ফারুক মাতুব্বর বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দলের বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে হামলা-মামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

ফারুক মাতুব্বর বলেন, “দলকে আমি মনেপ্রাণে ভালোবাসি। দীর্ঘদিন ধরে দলের প্রতিটি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। রাজনৈতিক কর্মকাণ্ডে ত্যাগ ও অবদানের মূল্যায়ন করে দল আমাকে সমর্থন দেবে বলে আমি আশাবাদী।”

নির্বাচিত হলে যেসব কাজ করতে চান

নির্বাচনে দলীয় সমর্থন পেলে এবং চেয়ারম্যান নির্বাচিত হলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ফারুক মাতুব্বর। একই সঙ্গে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

ফারুক মাতুব্বর বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে মাঝারদিয়া ইউনিয়নে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার দেবেন।

পাশাপাশি রাস্তাঘাট, সেতু ও কালভার্টের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং সামাজিক সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে কাজ করবেন।

তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। কৃষির উন্নয়ন, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগও গ্রহণ করবেন।

জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার

ফারুক মাতুব্বরের ভাষ্য, দলীয় সমর্থন ও জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন তিনি। এলাকার মানুষের পাশে থেকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সুশৃঙ্খল মাঝারদিয়া ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

২৭ অক্টোবর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.