• রবি. আগস্ট ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ

আগস্ট 30, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর-ময়েনদিয়া সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে পানি ও কাদা। এতে যানবাহন চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকি, বাড়ছে দুর্ভোগ। প্রায় চার বছর ধরে সড়কটির এমন অবস্থা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি সোনাপুর ও ময়েনদিয়া এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এই সড়ক দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদেরও যাতায়াতের অন্যতম মাধ্যম এটি।

রোববার (৩০ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের পিচ উঠে গেছে। কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। বিশেষ করে যোগারদিয়া বটতলা মেইন রোডসংলগ্ন অংশের অবস্থা বেশি খারাপ। গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহনগুলো কখনো সড়কের এক পাশ দিয়ে, আবার কখনো মাঝখান দিয়ে চলাচল করছে। এতে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে।

বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়। গর্তে পানি ও কাদা জমে যাওয়ায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সহজে বোঝা যায় না। এতে মোটরসাইকেল চালকদের বেশি সমস্যায় পড়তে হয়। গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

সড়কে চলাচলকারী পাট ব্যবসায়ী আজিজাল মোল্যা, সেকেন্দার মাস্টার ও ব্যবসায়ী মো. রাজিব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় মানুষ কষ্ট করছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। তখন কোনটি রাস্তা আর কোনটি গর্ত, তা বোঝা যায় না। যানবাহন চলাচলে প্রায়ই ঝুঁকি তৈরি হয়।

তাঁরা বলেন, এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। সড়কের খারাপ অবস্থার কারণে পণ্য পরিবহনে সময় ও খরচ বেড়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে সড়কটি সংস্কার করা দরকার।

সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া বলেন, সড়কটি প্রশস্ত করার জন্য নতুন একটি প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে সড়কটির উন্নয়নকাজ করা হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, সড়কটির সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুত উন্নয়নকাজ শুরু করা হবে।

৩০ আগষ্ট ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.