মাল্টার ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ মাল্টা বিজনেস অ্যাসোসিয়েশন সফলভাবে আয়োজন করেছে বাংলা নববর্ষ ও আন্তঃসাংস্কৃতিক উৎসব। মাল্টার তা’ আলি ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কমিউনিটির মানুষের মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী আয়োজিত এই উৎসব আনন্দ, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানে মাল্টিজ কমিউনিটিসহ বিভিন্ন দেশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উৎসবস্থলজুড়ে ছিল বর্ণিল সাজসজ্জা, বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পরিবেশ এবং উৎসবমুখর আবহ। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় বাংলা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনা। এছাড়াও দর্শনার্থীদের জন্য ছিল বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন, যা বিদেশি অতিথিদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
মাল্টিজ কমিউনিটির সদস্যরা উৎসবটি উপভোগ করেন এবং বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার প্রতি প্রশংসা প্রকাশ করেন। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে মাল্টায় বসবাসরত বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময় আরও সুদৃঢ় হবে বলে তারা বিশ্বাস করেন।
বাংলাদেশ মাল্টা বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারা আরও জানান, ভবিষ্যতেও প্রতি বছর মাল্টায় এ ধরনের আন্তঃসাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে এবং আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উৎসব শেষে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা এমন সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ মাল্টা বিজনেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বেশি সাংস্কৃতিক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
