• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গরুচুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর

ফেব্রু. 20, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরি করতে এসে স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চোরের দল। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সাড়ুকদিয়া গ্রামের বাসিন্দা রণ গোপাল (৫৫) এর গোয়ালঘরে ঢুকে অজ্ঞাতনামা চোরেরা গরু চুরির চেষ্টা চালায়। এ সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে চোরেরা গরু ফেলে দ্রুত পালিয়ে যায়।

তবে চোরেরা পালানোর সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থলে ফেলে রেখে যায়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯ বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে জড়ো হওয়া শত শত উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ট্রাকটি আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। চুরি চেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত চোর চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

২০ ফেব্রুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments