
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ভণ্ডুল করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সালথা উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আবুল ফজল মুরাদ বলেন, শনিবার বিকাল ৩টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে সভা ভণ্ডুল করে দেন।
তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে জামায়াতের শান্তিপূর্ণ সভা বন্ধ করা অন্যায় ও বিধিবহির্ভূত। বিএনপি অন্যায়ভাবে একই স্থানে সভা আহ্বান করে আমাদের কর্মসূচি পণ্ড করেছে। আমরা এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাই।”
জামায়াতের আমীর আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা তিন-চারটি ব্যানার তৈরি করে তাদের আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম পণ্ড করার ষড়যন্ত্র করছে। “আমরা এখন হুমকি ও আতঙ্কের মধ্যে রয়েছি,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, উপজেলা সেক্রেটারি তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ওলিউজ্জামান এবং জামায়াত নেতা কাজী সায়েম প্রমুখ।
এ বিষয়ে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, “ওই সভাস্থলে বিএনপির এক নেতা জামায়াতে যোগদানের কথা ছিল। তাই কিছু নেতাকর্মী বাধা দিয়েছে বলে শুনেছি।
১৮ অক্টোবর ২০২৫
