
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬অক্টোবর) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে রামকান্তপুর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্র ধরে বেলা ৯টার দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিক তালুকদারের ছোটভাই রামকান্তুপুর গ্রামের কুদ্দুছ তালুকদারের সমর্থকদের সাথে প্রতিপক্ষ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বারের সমর্থক উসমান তালুকদারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময়ে ফজলুল তালুকদারের বাড়ির সামনে দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী- ভেলা ও ইটপাটকেল নিয়ে দুই ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ সময় ইটের আঘাতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। আহত কয়েকজনকে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লোকজন পাঠিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমি কখনোই সংঘর্ষের পক্ষে ছিলাম না এখনো নাই। আমি এলাকায় শান্তি চাই।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার বলেন, সংঘর্ষের ঘটনায় আমার লোক আহত হয়েছে আমি হাসপাতালে আছি পরে কথা বলবো।
সালথা থানার তদন্ত ওসি মোঃ মারুফ হাসান রাসেল বলেন, রামকান্তপুরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
০৬ অক্টোবর ২০২৫
