
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি অমান্য ও মুখে মাস্ক না পড়ায় পথচারীসহ কয়েকটি দোকান মালিককে ৩৪০০ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার(১৬ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ধামরাই বাজার এলাকায় বিভিন্ন শপিংমল ও রাস্তায় ১০টি মামলায় ১০ জন ব্যক্তিকে ৩৪০০ টাকা জরিমানা করা হয়।
ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, করোনার শুরু থেকে আমরা জনগণকে স্বাস্থ্য বিধি মেনে সবকিছু করার জন্য তাগিদ দিয়ে আসছি। মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্য বিধি না মানায় ১০ জন ব্যক্তিকে ৩৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরোও বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কিন্তু অনেকেই তা মানছে না। সরকারি নির্দেশনা পালন এবং করোনার ভয়াল থাবা হতে জনগণকে রক্ষা করা এবং সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
