
রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাইয়ে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে দুই বেকারি কারখানাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার শরীফবাগের ভাই ভাই ফুড প্রোডাক্টস ও ইসলামপুরের সিফাত বেকারিতে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন খবরে জানা যায় ধামরাইয়ের শরীফবাগের ভাই ভাই ফুড প্রোডাক্টস ও ইসলামপুরের সিফাত বেকারিতে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছে। পরে র্যাবের র্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান ও ধামরাই নিরাপদ খাদ্যের কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই কারখানাকে অর্থদণ্ড করা হয়।
এসময় শরীফবাগের ভাই ভাই ফুড প্রোডাক্টসের মালিক মোঃ জিয়াউর রহমানকে ২ লাখ ও ইসলামপুরের সিফাত বেকারির মালিক মোঃ ইকবাল হোসেনকে ৩ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়।
এবিষয়ে জানতে চাইলে র্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, খাদ্যে ভেজালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
