
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আট আনায় জীবনের আলো কেনা’ এই স্লোগানকে সামনে রেখে এই প্রথম ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ৩দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বই পাঠের কোন বিকল্প নেই। বই এমন এক সম্পদ যা অতীতের সাথে বর্তমানের সেতুবন্ধন রচনা করে।
মেলায় উপজেলা প্রশাসনের ১টিস্টলসহ মোট ১৪টি স্টল রয়েছে। এই স্টলগুলি থেকে বই কেনা ও দেখার সুযোগ থাকবে। মেলায় বিভিন্ন লাইব্রেরি ও পাবলিকেশনের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এ স্টলগুলি নেওয়া হয়েছে। আগামী শুক্রবার এ মেলা শেষ হবে।
আট আনায় জীবনের আলো কেনা’ উপজেলা প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে মাষিক আট আনা চাঁদা তুলে এই মেলার অর্থ সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, এখন থেকে প্রতি বছর শিক্ষার্থীদের আট আনা মাষিক চাঁদার অর্থ দিয়ে সালথায় বই মেলার অায়োজন করা হবে।
