
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা এ এফ এম ওবায়দুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।
মরহুম ওবায়দুর রহমান রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
জানা গেছে, ভোরে কামারগ্রামের নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুর রহমান। তাকে দ্রুত আলফাডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওবায়দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ, দুই নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর আলফাডাঙ্গার কামারগ্রাম কাঞ্চন একাডেমি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
