
রাজিউল হাসান পলাশ: ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, সড়ক মহাসড়কে কোন চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না। ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ির ফিরতে পরিবহন চাঁদাবাজি বন্ধসহ অজ্ঞানপার্টি ও মলমপার্টির দৌরাত্ম্য থেকে নিরাপদ রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিএম (বার), পিপিএম।
বুধবার (০৭ আগস্ট) দুপুরে ঢাকার ধামরাইয়ে উত্তরণ ফাউন্ডেশনের উদ্দোগ্যে হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিউটি পার্লার ও বুটিকস এন্ড কসমেটিসক শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঈদে ঘুরমুখী মানুষের স্বার্থে ২৪ ঘন্টাই পুলিশ মাঠে থাকবে।
এছাড়া ঈদের সময় ঝুঁকিপূর্ণভাবে যেন ঘরমুখো মানুষদের ট্রাকের ছাদে করে যাতায়াত না করতে হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং বাস মালিক সমিতি ও বিআরটিএ’র সাথে কথা বলে ঈদের সময় অতিরিক্ত বাসের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিআইজি।
অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
