
রাজিউল হাসান পলাশ: ডা. দীপু মনি বলেন, ধর্মের বিভিন্নতা ঐক্যের বাধা নয় বরং একটি সমৃদ্ধ জাতি গঠনের অনিবার্য উপাদান। এজন্যেই জাতির পিতা স্বাধীনতার মাত্র এক বছরের মাথায় জনগণকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান উপহার দেন। ধর্মনিরপেক্ষতা এই সংবিধানের অন্যতম মূলনীতি। বঙ্গবন্ধু সকল ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন। জাতির পিতা ক্রীড়া, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নামে পৃথক মন্ত্রণালয় গঠন করেছিলেন।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ধামরাইয়ে শ্রীশী যশোমাদবের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বৃটিশ বিরোধী আন্দোলন, মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের প্রতিটি পদক্ষেপে বাংলার হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রীস্টান কাঁধে কাঁধ মিলিয়ে বীর বিক্রমে লড়াই করেছে। হাজার বছরের প্রবহমান বাঙালি সংস্কৃতির এক অনন্য শক্তি হল সাম্প্রদায়িক সম্প্রীতি। এই ভূমিতে সব ধর্মের মানুষ নিজেদের সৌভ্রাতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গেছে বাঙালি জাতীয়তাবাদকে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা প্রমুখ।
