
রাজিউল হাসান পলাশ : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ধামরাই উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন শপথ নিয়েছেন। আজ রবিবার (১৯ মে) নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম। এ সময় ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ৩১ মার্চ অনুষ্ঠিত ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন মোহাদ্দেছ হোসেন।
মোহাদ্দেছ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ধামরাই উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোটে ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানকে পরাজিত করেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে ৪১ হাজার ৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৩৯ হাজার ৫৪ ভোট পান।
নব নির্বাচিত চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন বলেন, আমার অভিভাবক ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপতি ঢাকা ২০ এর মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এবং ধামরাই উপজেলার সাধারন মানুষের দোয়া ও ভালোবাসায় আমি ধামরাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ধামরাই উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে উপজেলার উন্নয়ন ও সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
