• বুধ. নভে. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর

নভে. 4, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরদিয়া গ্রামে কালাম মুন্সীর সমর্থকদের সঙ্গে নুরইসলাম মুন্সীর সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে কালাম মুন্সী নিজের ফসলি জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জের ধরে নুরইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সঙ্গে কালাম মুন্সীর সমর্থকদের সংঘর্ষ বাধে।

এ সময় উভয় পক্ষের লোকজন ঢাল-সড়কি ও ইটপাটকেল নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ান। সংঘর্ষ চলাকালে ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে কালাম মুন্সী ও ভুলু মাতুব্বরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মেহেরদিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কালাম মুন্সীর ফসলি জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৪ নভেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.