
মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার খারদিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান রফিক মোল্লাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি এলাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।
বক্তারা বলেন, সম্প্রতি চেয়ারম্যানের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তাঁদের দাবি, বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা না করে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। তাঁরা অপপ্রচার বন্ধের পাশাপাশি কোনো বক্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের আগে তা যাচাই করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, স্থানীয় সমাজসেবক ইলিয়াস কাজী, ইউনুস মাতুব্বর, তারা মিয়া, মুক্তার ফকির, জালাল শিকদার, আজাদ ঠাকুর, নুরু মোল্লা ও তৃষ্ণা আক্তারসহ স্থানীয়রা।
তবে মানববন্ধনে করা অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সম্প্রতি সালথার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভায় চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’
তবে ওই সময় চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা বক্তব্যটি অস্বীকার করে দাবি করেছিলেন, ভিডিওটি সম্পাদনা (এডিট) করে প্রচার করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬
