• সোম. আগস্ট ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গরু মোটাতাজায় নিষিদ্ধ ওষুধ, সালথায় পল্লী চিকিৎসককে জরিমানা

আগস্ট 10, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ক্ষতিকর ও অনুমোদনহীন ওষুধ ব্যবহার করে গরু মোটাতাজাকরণের অভিযোগে মো. শাহাদাত হোসেন নামে এক পল্লী চিকিৎসককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাঁকে সতর্ক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৪(১) ধারায় তাঁকে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গরু দ্রুত মোটাতাজা করার উদ্দেশ্যে ডেক্সামিথাসন (Dexamethasone) ও সাইপ্রোহেপ্টাডিন (Cyproheptadine) ব্যবহারের অভিযোগ ওঠে পল্লী চিকিৎসক শাহাদাত হোসেনের বিরুদ্ধে। পরে বিষয়টি নজরে এলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে অর্থদণ্ড দেওয়া হয়।

সালথা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর ইসলাম বলেন, ডেক্সামিথাসন ও সাইপ্রোহেপ্টাডিনের মতো ক্ষতিকর ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার পশুর জন্য ক্ষতিকর। এসব ওষুধ ব্যবহারে পশুর স্বাভাবিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। পাশাপাশি ওই পশুর মাংস খাওয়ার মাধ্যমে মানুষের স্বাস্থ্যেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পল্লী চিকিৎসককে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধের ব্যবহার বন্ধে খামারি, পল্লী চিকিৎসক, কেমিস্ট, ওষুধ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, দ্রুত গরু মোটাতাজা করার জন্য ক্ষতিকর বা অনুমোদনহীন ওষুধ ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে পশুর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ওই পশুর মাংস মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। তাই কেউ এ ধরনের ওষুধ ব্যবহার বা বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, নিরাপদ উপায়ে গবাদিপশু মোটাতাজাকরণ নিশ্চিত করতে অনুমোদিত খাবার ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। ক্ষতিকর ওষুধ ব্যবহার করে কৃত্রিমভাবে পশু মোটাতাজা না করার জন্য খামারিদেরও সতর্ক করা হয়েছে।

১০ আগষ্ট ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.