মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় পাটের গাইট মাথায় করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মিরাজ শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ শেখ বড় খারদিয়া গ্রামের বাবুল শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি জমিতে ধৌত করা পাটের গাইট মাথায় করে বাড়িতে ফিরছিল মিরাজ। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্লা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
মিরাজের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
৪ আগষ্ট ২০২৬
