মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে আটঘর ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে আটঘর ইউনিয়নের নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সালথা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর হাসিব লিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, আরিয়ান হাসান রিদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মুরাদ খান, অর্থ সম্পাদক সালমান মুন্সি, ইয়াসিন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাসিবুল হাসান হৃদয়, সালথা কলেজ ছাত্রদলের সভাপতি সবুজসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী ত্যাগী, মেধাবী, সৎ ও সাংগঠনিকভাবে দক্ষ কর্মীদের নেতৃত্বে আনতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা হবে। দলীয় শৃঙ্খলা, জবাবদিহিতা ও সাংগঠনিক নিয়মনীতি মেনে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর ইউনিয়ন ছাত্রদল গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে মাদক যুবসমাজের জন্য অন্যতম বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সচেতন ভূমিকা পালন করতে হবে। তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
পরে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং নতুন নেতৃত্ব নির্বাচনের এ উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত নেতাকর্মীরা।
২৫ জুলাই ২০২৬
