• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিরোধী দলের ‘বটবাহিনী’ মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

জুন 12, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিরোধী দলের বিভিন্ন ‘বটবাহিনী’ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার ও দল সবসময় গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারে বিশ্বাস করে। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি।

তিনি বলেন, বর্তমানে মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে পরিণত হয়েছে। তবে প্রযুক্তির অপব্যবহার করে অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যক্তি, দল বা মতাদর্শের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি মূলধারার কিছু গণমাধ্যমেও কখনো কখনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তার সত্যতা যাচাই-বাছাই করতে হবে। কারণ একটি মিথ্যা সংবাদ একজন মানুষের সুনাম ক্ষুণ্ন করতে পারে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সত্য উদঘাটন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বজায় রাখা সম্ভব।

তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রোধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার ও গুজব মোকাবিলায় স্থানীয় সাংবাদিকদের আরও সচেতন ও সক্রিয় হতে হবে।
এর আগে ফিতা কেটে ও বিশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান তালুকদার, আছাদ মাতুব্বর, খন্দকার আজাদ, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সেলিম মোল্লাসহ প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও বিএনপির নেতাকর্মী।

১২ জুন ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.