• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সৌন্দর্য হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে সালথার বাইপাস সড়ক

ফেব্রু. 28, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়কটি একসময় ছিল প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় ভরপুর এক মনোরম পথ। অবসর সময়ে হাঁটাহাঁটি, প্রাকৃতিক দৃশ্য উপভোগ কিংবা স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই ভিড় জমাতেন এ সড়কে। কিন্তু সময়ের ব্যবধানে সেই পরিচ্ছন্ন ও নান্দনিক সড়কটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে জমে আছে ময়লার স্তুপ। বাজারের পচা ফলমূল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বর্জ্য, নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন আবর্জনা এখানে ফেলা হচ্ছে। তীব্র দুর্গন্ধে পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে দেখা যায়। অনেকেই বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করছেন।

স্থানীয়রা জানান, বাজারের ময়লা রাতের আঁধারে ভ্যানযোগে এনে সড়কের পাশে ফেলে রেখে যায় কিছু অসাধু ব্যক্তি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় দিন দিন ময়লার স্তূপ বড় হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয় পথচারী শামিম হোসেন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। একসময় সড়কটি ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন। এখন দুর্গন্ধের কারণে চলাচলই কষ্টকর হয়ে পড়েছে।

আরেক পথচারী সোহেল মোল্যা বলেন, আগে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যেত। এখন সেখানে ময়লার স্তূপ। দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। বাধ্য হয়ে মাস্ক পরে চলাচল করতে হয়। তিনি দ্রুত সড়কের দুই পাশ পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানান।

বাজারের এক ব্যবসায়ী শাহ আলম বলেন, এখনে ময়লা ফেলাতে আমাদের চলাচলে কষ্ট হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছি।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বাচ্চু বলেন, আগের ইউএনও স্যার এখানে ময়লা ফেলতে বলছিল। পরবর্তীতে স্থানীয়দের বাধা ফেলাতে নিষেধ করে নদীর পাশে ফেলতে বলা হয়েছিল। যদি এখনও ফেলে তাহলে খোঁজ খবর নিয়ে জানানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সালথা সদর বাজারের ময়লার ভাগাড় নিরসনে ইতিমধ্যে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদ্বয়ের সাথে আলাপ হয়েছে। খুব শীঘ্রই ময়লার ভাগাড় একটি নির্দিষ্ট স্থানে ফেলানোর উদ্যোগ নেয়া হবে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.