• শুক্র. সেপ্টে. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বজ্রপাতে মৎস খামারির মৃত্যু, নিহতের পরিবারকে ইউএনওর সহায়তা

এপ্রিল 16, 2024

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবু কাশেম (৪২) নামে এক মৎস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের পূর্ব বালিথা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।

মৃত আবু কাশেম ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব বালিথা এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে।

মৃতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিজের চাষের পুকুরে মাছ ধরতে যান কাশেমসহ আরও চারজন। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে আশ্রয় নিতে তারা পার্শ্ববর্তী একটি বাড়ির দিকে যাচ্ছিলেন। বেলা সোয়া ৩টার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে হাঁটার পথেই ছিটকে পড়ে আহত হন কাশেম। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃতের ছেলে মো. মাসুদ রানা বলেন, দুপুরের দিকে বাবা মাছ ধরতে পুকুরে যান। তিনটার দিকে শুনতে পারি বজ্রপাতের সময় তিনি পড়ে যান। হাসপাতালের নেওয়ার সময় জয়পুরা এলাকায় গাড়িতে তার মৃত্যু হয়। পরে বাড়ি ফিরে আসি।

৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তাহের সরদার বলেন, বজ্রপাতের সময় বিকট আওয়াজে সে ছিটকে পড়ে যায়। তখন তার সঙ্গে আরও চারজন ছিল। তারাই পরবর্তীতে তাকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। বিষয়টি শুনে উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে। আমরাও তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।

এ ঘটনায় খবর পেয়ে মৃতের বাড়ি গিয়ে পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে ধামরাই উপজেলা প্রশাসন।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুন বলেন, এমন ঘটনা দুর্ভাগ্যজনক। কাল বৈশাখী ঝড়ের সময় কোনো দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকতে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এখানে বজ্রপাতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, তাতে আমরা মর্মাহত। তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতেও তাদের সব ধরনের সহযোগীতা দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.