• মঙ্গল. নভে. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪২

এপ্রিল 15, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৪ এপ্রিল) রাতে সালথা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক বাড়িঘরে ভাঙচুর, লুট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত অভিযোগে এদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৩০ জনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

এতে এক বীর মুক্তিযোদ্ধাসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে অন্তত ২০ জনকে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িত অভিযোগে একই রাতে অভিযান চালিয়ে পুলিশ অপর ১২ জনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বাংলানিউজকে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার রাতে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সালথার গট্টি ইউনিয়নের কাঁঠাল বাড়িয়ার ঘটনায় ৩০ জন ও মাঝারদিয়া গ্রামের ঘটনায় অপর ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, সালথায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এই দুই মামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.