
রাজিউল হাসান পলাশ: ধামরাই উপজেলার নতুন আগত উপজেলা নিবার্হী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সাথে উপজেলার সকল স্তরের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহা, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান।
সভায় নবনিযুক্ত ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আমরা জনগণের সেবক, সেবা গ্রহীতাকে আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সেবা দিবো। আমরা যদি সেবা নাও দিতে পারি তথাপি তাকে সম্মানের সহিত তার সেবা না পাওয়ার কারণ উত্থাপন করবো, আমরা তাদের ভালো আচরণ সরবরাহ করবো।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যে কোনো সমস্যা দ্রুত সমাধানে আমি বিশ্বাসী। ধামরাই উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং মহান বিজয় দিবস তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। যেকোনো তথ্য দ্রুত দেয়ার অনুরোধ করেন তিনি।
এর আগে তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় প্রায় আড়াই বছর কৃতিত্বের সাথে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ছাত্র জীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে অনার্স মাস্টার্স করেন। তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, রিপোর্টার্স ক্লাব ও প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল স্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
