• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদক নিয়ন্ত্রণ না হলে এদেশ হবে হতদরিদ্র বাংলাদেশঃ বেনজীর আহমদ

মার্চ 9, 2023

রাজিউল হাসান পলাশঃ মাদক নিয়ন্ত্রণ না হলে স্মার্ট ও উন্নত বাংলাদেশের পরিবর্তে হতদরিদ্র দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এই দেশ এমন মন্তব্য করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকেলে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী গণসচেতনতামূলক মহাসমাবেশ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। তবে এখন যদি মাদকাসক্তি বেড়ে যায় মাদকের প্রবাহ ও ব্যবসা যদি বেড়ে যায় তাহলে এইদেশ স্মার্ট ও উন্নত না হয়ে একটি হতদরিদ্র বাংলাদেশ ও একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এসময় তিনি বলেন, মাদক কিভাবে আসে, কারা সেবন করে, কারা বিক্রি করে এটা কারও অজানা নয়। তবে স্কুলের ছাত্ররা হয়ত এটা জানে না। এর ওপরের লেভেলের সবাই জানে কারা খায়, কারা ব্যবসা করে, কারা সহযোগিতা করে। এদের শুধু ঘৃণা করলে হবে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারন অভিযোগ আছে অনেক সময় মামলা করতে গেলে মামলা নেয়া হয়না, থানায় ফোন করলে ফোন ধরে না পুলিশ। তবে আমি ধামরাইকে মাদক মুক্ত করতে চাই। তার জন্য পুলিশ প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন সকলের একযোগে কাজ করা দরকার বলে আমি মনে করি। খুব শীঘ্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার ভিডিপি সকলে একসাথে বসব। কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায় এর ব্যবস্থা আমাদের নিতেই হবে। আমরা ধামরাই থেকেই এটা শুরু করতে চাই।

বেনজীর আহমদ বলেন, আমাদের গণমাধ্যম গুলোতে অন্যান্য ঘটনার সংবাদ যেভাবে প্রকাশ করা হয়, সেভাবেই গুরুত্ব দিয়ে মাদকের সংবাদ ফলাওভাবে প্রকাশ হওয়া উচিৎ বলে আমি মনে করি। এছাড়া আমি মমে করি আমাদের দেশে এমন একটা আইন থাকা জরুরী যাতে ছেলে মেয়েদের বিয়ের আগে ডোপ টেষ্ট করা হয়। কারন কোন দম্পতির মাঝে একজন যদি মাদকসেবী থাকে তাহলে তাদের গর্ভের সন্তানের মাঝেও সেটার প্রভাব পরে। সেই সন্তান সুস্থ ও স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয়না। একজন মাদকসেবী একটা পুরো পরিবার ধ্বংস করে দিতে পারে।

তিনি আরও বলেন, আমি জানি এখানে উপস্থিত এই কোমলমতি ছেলেমেয়েদের ওপর মাদকের কোন প্রভাব পড়ছে না। কিন্তু আসে পাশে যারা আছে তারা এদেরকে দলে নেওয়ার জন্য চেষ্টা করবে। যদি কখনও কৌতূহল বশত কিংবা পরিক্ষা করার জন্য তারা কখনও এসব খায় তাহলে এ জগৎ থেকে আর ফিরতে পারবে না।

এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশ্য করে বলেন, এখানে তোমরা যেই দুই হাজার ছেলে মেয়ে উপস্থিত আছো আমি বিশ্বাস করি তোমরা একজনও এই মাদকসেবনের সাথে জড়িত না। তোমরা দুই হাজার যদি ঠিক থাকো তাহলে দুই হাজার পরিবার ঠিক থাকবে আর এভাবেই আমরা সারা বাংলাদেশের প্রতিটি ঘরকে মাদকমুক্ত করতে চাই। পাশাপাশি তোমাদের মাঝে শপথ থাকতে হবে আমরা লেখাপড়া করবো আমরা মানুষ হবো এবং এই বাংলাদেশকে গড়ার জন্য আমরা কাজ করবো আমরা উন্নত বাংলাদেশ গড়বো আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। তোমরাই সেই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তাই তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে, মাদককে শুধু না বললে হবেনা মাদককে ঘৃণা করতে হবে এবং মাদকসেবিদের পরিহার করতে হবে।

এসময় ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বাহাউদ্দিনের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল, ধামরাই উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফারজানা আক্তার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম, বর্ন এগেইন মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. জহির উদ্দিন (মুন্না) উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.