
ফ্রান্সে ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হযরত মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র কার্টুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধামরাই উপজেলার আলেম ওলামা ও সাধারণ জনগণ। এসময় “বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান” “ফ্রান্সের পন্য বর্জন করো, করতে হবে” এই স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) জুমআর নামাজের পরে উলামা-মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ধামরাই বাজার হয়ে উপজেলা মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার মানুষের ঢল নেমে আসে প্রতিবাদ সমাবেশে। এছাড়াও ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে এই প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশে ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ আঃ জলিল, মুফতি মাহাফুজ, মুফতি আবু হোসাইন, হযরত মাওলানা কাজি ফিরোজ আহম্মেদ, মুফতি রেজাউল করিম সহ আরো অনেকেই।
কর্মসূচীতে বক্তারা বলেন, সম্প্রতি ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে যে ধৃষ্টতা দেখিয়েছে তার প্রতিবাদে আমরা ফ্রান্সের সাথে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন এবং ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহ্বান জানাই।
