
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধিঃ দাখিল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ফরিদপুরে নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় ৫ পরীক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা সবাই দহিসারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলো বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সুপার এনামুল হক খাঁন। তিনি এই প্রতিবেদককে জানান, এসব পরীক্ষার্থীরা নগরকান্দা সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে অটোতে করে চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা এলাকায় আসছিল। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারনে অটোটি উল্টে যায়। এতে ৫ দাখিল পরীক্ষার্থী আহত হয়।
আহত পরীক্ষার্থীরা হলেন, শাকিল আহম্মেদ, নাফিজা আক্তার, খাদিজা আক্তার, রুখসানা আক্তার, তামিমা আকতার। এদের মধ্যে শাকিল আহম্মেদ এর আবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার। এই ঘটনায় পরীক্ষার্থীদের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে।

