
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস ঘেরাও এবং ঝাড়ু মিছিল করেছে সাধারণ জনগন। এসময় বিক্ষুব্ধ জনতা ঢাকা আরিচা মহাসড়কেও অবস্থান নেন তাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঈদুল আযহার পূর্বে ধামরাই পৌর এলাকার ধানসিঁড়ি আবাসিক প্রকল্পে প্রিপেইড মিটার সংযোগ দেওয়া শুরু করে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। সে সময় থেকেই জনমনে ক্ষোভ দেখা যায়। প্রিপেইড মিটার সংযোগ দিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। প্রিপেইড মিটার সংযোগ দেওয়ার সময় সিংহভাগ লোকই বাধা প্রদান করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ধামরাই পৌর এলাকার ৯ নং ওয়ার্ড এর আওতাধীন ছয়বাড়ীয়া গ্রামের লোকজন একত্র হয়ে ঢাকা পল্লীবিদ্যুত সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস ঘেরাওয়ের উদ্দেশ্যে ঝাড়ুমিছিল বের করে এবং ব্যস্ততম মহাসড়ক ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানারোড বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে।
প্রশাসনের হস্তক্ষেপে ঢাকা আরিচা মহাসড়ক থেকে অবস্থান সড়িয়ে পল্লীবিদ্যুত অফিস ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দীপক চন্দ্র সাহার হস্তক্ষেপেই পরিস্থিতি মোটামুটি শান্ত হয়।
