
“শত ভিড়ে খুঁজে নিস, জাহাঙ্গীরনগর চুয়াল্লিশ” এই স্লোগানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের চতুর্থ বর্ষপূর্তি পালিত হয়েছে। শুক্রবার সকালে ব্যাচটির শিক্ষার্থীরা এক ধরনের টি-শার্ট পরে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে একত্রিত হয়। সেখানে ঢোল, তবলা, ভূভূজেলার সুরে উল্লাস ও রঙ মাখামাখি করে তারা।
বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই সময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মুক্তমঞ্চ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি টারজান পয়েন্ট, পুরাতন কলা, শহীদ সালাম-বরকত হল ও বটতলা হয়ে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়।
এরপর বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের সামনে অবস্থিত মিশু চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়। তারপর আছর নামাজের পর মিশুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করে ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা।
রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
