
ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রায় শতাধিক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
আজ শনিবার (২৩ মে) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জনসমাগম এড়াতে অল্প পরিসরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করে পরবর্তীতে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয় উপহার সামগ্রী। উপজেলার সদর, সোমভাগ ও ভাড়ারিয়া ইউনিয়নের ডেমরান, হাটিপাড়া, বাঙালপাড়া, গোতৈল, মান্দারচাপ, নওগাঁও, ভুরবারিয়া এলাকার কর্মহীন পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
স্বপ্ন কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী আদনান কবিরের পৃষ্ঠপোষকতায় ঈদ উপহার বিতরণ করেন সংগঠণের সহকারী পরিচালক শরিফুল ইসলাম আপন, উপদেষ্টা আমিনুর ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
