সখীপুরে যুবলীগ সভাপতিকে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে হাতীবান্ধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতিকে হত্যা চেষ্টা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় সখীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাতীবান্ধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গৌর চন্দ্র সরকার ও তাঁর বড়ভাই কার্তিক সরকার এ সংবাদ সম্মেলন করেন। এ সময় মামলার বাদী গৌর চন্দ্র সরকার ও কার্তিক সরকারের মা দুর্গা রানী সরকার, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা যুব আন্দোলনের জ্যেষ্ঠ সদস্য নুরুল ইসলাম সাগরসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কার্তিক চন্দ্র সরকার।
সম্মেলনে লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, গত ২৮ জুন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাইটকাপাড়া এলাকার মৃত ননী চন্দ্র মন্ডলের ছেলে হনু ম-ল (৫০), মৃত সুভাষ ম-লের ছেলে সুশীল চন্দ্র সরকার (৩৫), জ্ঞানমোহন ম-লের ছেলে গৌতম ম-ল (৩২), ডাউরি ম-লের ছেলে দিনেশ ম-লসহ (৬০) আরও ৫-৬জন মিলে লাঠিসোটা, বল্লম, শাবল নিয়ে হত্যার উদ্দেশ্যে গৌর চন্দ্র সরকার (৩৬) ও কার্তিক সরকারের (৩৮) ওপর হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হয়ে প্রথমে সখীপুর উপজেলা ও পরে তাঁদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফেরে। গত ৩০ জুন আহতদের মা দুর্গা রানী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। মামলা হওয়ার ১৩দিন পার হলেও একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সংবাদ সম্মেলনে দুইভাই অভিযোগ করেন আসামি গ্রেপ্তার না হলেও উল্টো তাঁরা আমাদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকি-ধামকি দিচ্ছেন। তাঁদের অত্যাচারে এলাকায় বসবাস করা দায় হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। শিগগিরই আসামিদের গ্রেপ্তারে পুনরায় অভিযান চালানো হবে।
আসামিরা পালিয়ে থাকায় কারও সঙ্গে যোগাযোগ করে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
