ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) বলেছেন, বৃহত্তর ফরিদপুরকে নিয়ে পদ্মা বিভাগ গঠনে সরকার অত্যন্ত আন্তরিক। এ লক্ষ্যে এরই মধ্যে বেশকিছু কাজ এগিয়েছে।
বুধবার বিকেলে টাইমস মিডিয়া ভবনে সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমকাল প্রকাশক এ. কে. আজাদ।
সমকাল কার্যালয়ে তাদের স্বাগত জানান উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। প্রতিষ্ঠানটির সভাকক্ষে এর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নিক্সন চৌধুরী।
মতবিনিময়কালে নিক্সন চৌধুরী ফরিদপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ফরিদপুর বিভাগ, ফরিদপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও পদ্মা সেতু হওয়ার সঙ্গে সঙ্গে বৃহত্তর ফরিদপুরের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে নিজের ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘বৃহত্তর ফরিদপুর নিয়ে পদ্মা বিভাগ গঠন করা হবে, সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এ অঞ্চলে বিশ্ববিদ্যালয়ও ইনশাল্লাহ বর্তমান সরকারই করবে।’
নিজ নির্বাচনী এলাকার অভিজ্ঞতা তুলে ধরে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী বলেন, ‘২০১৪ সালে যখন প্রথম এমপি নির্বাচিত হই তখন ফরিদপুর-৪ এলাকার মাত্র ৩৫ শতাংশ মানুষ বিদ্যুৎ পেতেন। এখন এই নির্বাচনী এলাকার শতভাগ মানুষ বিদ্যুতের আওতায়।’
সমকাল ও চ্যানেল টোয়োন্টিফোর কার্যালয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘গণমাধ্যম হাউজ অনেক আছে, তবে এমন সাজানো-গোছানো ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ আর কোথাও দেখিনি।’ নিজেকেও তিনি সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন।
সমকালের প্রকাশক এ. কে. আজাদ বলেন, ‘তৃণমূল থেকে রাজনীতি করে নিক্সন চৌধুরী জনপ্রতিনিধি হয়েছেন। তার কিছু গুণ আছে। তিনি খুব সহজেই মানুষের সঙ্গে মিশতে পারেন। মানুষের মনের কথা, তাদের চাওয়া বুঝতে পারেন। যত রাতই হোক না কেন মানুষের ডাকে তিনি ছুটে যান। করোনাকালে লকডাউনেও জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি, যা প্রশংসা পেয়েছে।’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এস এম শাহ আলম মুকুল, এমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দীন মঈন, কেবিসি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম লিটু, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, সমকালের সহযোগী সম্পাদক ও অনলাইন ইনচার্জ সবুজ ইউনুস, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, চিফ রিপোর্টার লোটন একরাম, ফিচার সম্পাদক মাহবুব আজীজ, বার্তা সম্পাদক (অনলাইন) গৌতম মণ্ডল, বিজনেস এডিটর জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ, স্পোর্টস এডিটর সঞ্জয় সাহা পিয়াল, জিএম (মার্কেটিং) মো. ফরিদুল ইসলাম ও সার্কুলেশন ম্যানেজার হারুনুর রশীদ।
Source : Samakal
