
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলায় উচ্চহারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে সাত পুলিশ সদস্যসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত ধামরাই উপজেলায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৬২ জনের।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার ধামরাই থানার সাত পুলিশ সদস্যসহ ২৩ জন, রোববার ৩ জন, শনিবার ৩৫ জন এবং শুক্রবার ১১ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সাংবাদিক দম্পতি, ব্যাংকার, পুলিশ, স্বাস্থ্যকর্মী, পোশাককর্মী ও ব্যবসায়ী রয়েছেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, সোমবার পর্যন্ত ধামরাই উপজেলায় ১২৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২৫ জন, ইতিমধ্যে ১৩ জন সুস্থ্য হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের।
পুলিশ আক্রান্ত হওয়ার বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সোমবার ধামরাই থানা পুলিশের চার গাড়ি চালক ও তিন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।
