
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবির হাসান (২৫) মানিকগঞ্জ সদর থানায় পুলিশ সদস্য (গাড়ী চালক) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিকেলে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ কর্মস্থলের উদ্দেশ্য রওনা হন তিনি। এসময় বাথুলি এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা বেপরোয়া গতির একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোলরা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘাতক যানবাহনটি সনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
