
রাজিউল হাসান পলাশঃ সিনেমা ও নাটকের জনপ্রিয় জল্লাদ অভিনেতা আব্দুল গণি আর নেই। ধামরাইয়ের মহিশাষী গ্রামের বাসিন্দা আব্দুল গণি মিয়া (৬০) বুধবার রাত ১১টায় রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
বিশাল গোঁফ ও লম্বা চুলের অধিকারী আব্দুল গণি মিয়া কর্মজীবনে প্রথমে যাত্রীবাহী বাসের সহকারী ও পরে বিভিন্ন সিনেমা ও নাটকে জল্লাদের অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেন। এরপর গত কয়েক বছর ধরে তিনি বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ অফিসে নিরাপত্তা বিভাগে চাকরি করে আসছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রথমে চ্যানেল আই প্রাঙ্গণে ও বিকেলে ধামরাইয়ে তাঁর নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
