
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগ দ্বারা সাধারণ ছাত্র-ছাত্রীদের হত্যা, নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ইতালি প্রবাসী বাংলাদেশীরা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন আঞ্চলিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, দেশের এই চরম মূহুত্বে প্রবাস থেকে আমাদের যেমন দু:চিন্তা রয়েছে, ঠিক তেমনি করণীয়ও আছে । তাই কোন দলীয় পরিচয়ে নয় বরং একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে নিরিহ ছাত্র সমাজের পাশে আছি এবং বর্তমান সরকারের নির্দেশে প্রকাশ্যে গুলি করার বিরুদ্ধে থাকার কথা বলেন।
আয়োজনের প্রধান সম্বনয়ক ঢালী নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, ২২ জুলাই সোমবার, বিকাল ৪টায় ইতালীয় পররাষ্ট্রমন্ত্রনালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে, তুলে ধরা হবে ছাত্রদের রক্তে রক্তাক্ত বাংলাদেশকে। মানবাধিকার লঙ্ঘন করে নির্বিচারে হত্যার বিচার চাইতে হবে বহি:বিশ্বে .. আন্তর্জাতিক মহলে।
এসময় বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম বলেন, প্রত্যেক প্রবাসী দু:চিন্তায় আছে। কোন আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ নেই। যেন বাংলাদেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। আমরা প্রবাসীরা চাই গণতান্ত্রিক সরকার, যারা দেশে শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে।
সংবাদ সম্মেলনে সারা ইতালি থেকে ইতালীয় পররাষ্ট্রমন্ত্রনালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আহ্বান করেন।
