কাজিপুরে নৌকাসহ দুই চোর গ্রেফতার 
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে নৌকাসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের হবিবর রহমানের পুত্র আব্দুল হালিম (৩২) ও কাজিপুর উপজেলার দক্ষিণ ছালাল গ্রামের ফজলুল হকের পুত্র কাওছার আলী (৩০)।
থানা ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে কাজিপুরের জোড়গাছা গ্রামের যমুনার ঘাট থেকে আটক দুইজন চোর মন্টু মিয়ার একটি ইঞ্চিনচালিত নৌকা নিয়ে সিরাজগঞ্জ সদরের দিকে রওনা দেয়। নৌকাটি ভুলক্রমে সিরাজগঞ্জ সদরের হাড়িভাঙ্গা এলাকার চরে গিয়ে আটকে যায়। সেখানে মাছ শিকার করতে থাকা লোকজন ওই দুইজনের দিকে এগিয়ে গেলে তারা দৌঁড়ে পালাতে চেষ্টা করে। এসময় লোকজনের সন্দেহ হলে ধাওয়া দিয়ে ওই দুইজনকে ধরে বেধে রাখে। রবিবার (১৮ অক্টোবর) সকালে খোঁজ পেয়ে কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মালী তাদের উদ্ধার করে নিয়ে আসেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, ‘এ ব্যাপারে নৌকার মালিক মন্টু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।’
