বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দির ছেলে নজরুল ইসলাম ইতালিতে সরকারি খাস জমি বরাদ্দ নিয়ে গড়ে তোলেন বিশাল কৃষি খামার। বাংলাদেশি শাকসবজি ফলান তিনি। ইতালীতে বাংলাদেশিদের চাহিদা মিটিয়ে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন এসকল দেশীয় সবজি। ইতালিতে কৃষি খামার থেকে নজরুল ইসলাম এখন সিআইপি, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এর হাত থেকে সিআরপির ক্রেস্ট গ্রহণ করেন তিনি। এই সময় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদও উপস্থিত ছিলেন।
তবে নজরুল ইসলাম ইতালি প্রবেশের দু’বছরের মধ্যেই ব্যবসা শুরু করেন । ১৯৯৭ সালে রাজধানী রোমে গ্রোসারি শপ এর মাধ্যমে ব্যবসা শুরু তার। সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি উদ্যমী যুবক নজরুল ইসলামকে। ধীরে ধীরে ব্যবসার গন্ডি বাড়াতে থাকেন তিনি। ট্রাভেল, আবাসিক হোটেল ব্যবসা ছাড়াও পাইকারি ব্যবসায় মনোযোগী হন। বাংলাদেশের গজারিয়ায় নজরুল ইসলাম গড়ে তোলেন ইসলাম ব্রাদার্স নামে এগ্রো ফার্ম। সেখানে উৎপাদিত পণ্য বাংলাদেশের বাজার ছাড়াও বিদেশে রপ্তানি করেন তিনি।
স্ত্রীর নুরুন্নাহার বেগম এবং দুই ছেলে এক মেয়ে নিয়ে সংসার করেছেন নজরুল ইসলাম। সিআইপি নজরুল ইসলাম ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসার সম্প্রসারণ ঘটাতে চান । যাতে করে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স বৃদ্ধিতে তারা অবদান রাখতে পারে।
