সখীপুরে ফাইল্যা পাগলার মেলা বন্ধের নির্দেশ
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুরে ঐতিহ্যবাহী ফাইল্যা পাগলার (ফালুচান শাহ) মেলা হচ্ছে না এবার। আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে মেলা বন্ধের এই নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করেন।
ইউএনও বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে হবে। এ জন্য স্থানীয় চেয়ারম্যানকে মেলাটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ বলেন, নির্দেশনা পেয়েছি। সন্ধ্যায়মেলা উদযাপন কমিটির সঙ্গে মিটিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।”
মেলা উদযাপন কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম শামীম জানান, প্রশাসন না চাইলে মেলা বন্ধ করে দেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিবছরের মতো এবারও মাজারসংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানপাট বসেছে।দূরদূরান্ত হতে আগত পাগলেরা মাজারের পাশে বসে প্রকাশে গাঁজা সেবন করছে।ডাক ডোল বাজিয়ে নারী পুরুষ মাজারের চতুরপাশে নাচানাচি করছে।বিভিন্ন এলাকা হতে আগত লোকজনেরা ছাগল,হাঁস,মুরগী রান্না করে তবারক হিসেবে খাওয়াদাওয়া করছে মাজারের আশেপাশে।
মাঘ মাসের পূর্ণিমার রাতে সবচেয়ে বড় মেলা হলেও মাসব্যাপী থাকে মানুষের আনাগোনা।
মেলা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দারা জানান, ফালুচান শাহর মাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে এই মেলা উদযাপন হয়ে আসছে। লোকমুখে মেলাটি ফাইল্যা পাগলের মেলা হিসেবেই বেশি পরিচিত। দূর-দূরান্তের হাজারো মানুষ আসে এখানে। তবে এ মেলা বন্ধ ঘোষণা করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
