আন্তর্জাতিক বাজারে রপ্তানি কৌশল বৃদ্ধির উদ্দেশ্যে সরকারি-বেসরকারি সহযোগিতার মডেলে বেসরকারি খাতের অর্থায়নে ক্যাম্পেইনটি পরিচালিত হবে
বিশ্বব্যাপী বাংলাদেশের সাফল্যকে তুলে ধরার জন্য “মেড ইন বাংলাদেশ” ক্যাম্পেইন পরিচালনা করতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারমাধ্যম সিএনএন ইন্টারন্যাশনাল কমার্শিয়ালের (সিএনএনআইসি) সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)।
বিএফটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে রপ্তানি কৌশল বৃদ্ধির উদ্দেশ্যে সরকারি-বেসরকারি সহযোগিতার মডেলে বেসরকারি খাতের অর্থায়নে ক্যাম্পেইনটি পরিচালিত হবে। বাণিজ্য মন্ত্রণালয় বিএফটিআইকে ডিজিটাল ক্যাম্পেইনটি পরিচালনার দায়িত্ব দিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে বিএফটিআইকে এই সামগ্রিক ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনার দায়িত্ব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
“মেড ইন বাংলাদেশ” ক্যাম্পেইনের অধীনে সিএনএন টিভি বিজ্ঞাপন, সম্পাদকীয়, প্রোমো অডিও ভিজ্যুয়াল, ভিগনেটস এবং একটি “মেড ইন বাংলাদেশ” থিম উইক তৈরি ও সম্পাদনা করবে।
বাণিজ্য মন্ত্রণালয় গঠিত স্টিয়ারিং কমিটির সরাসরি তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালনায় বিএফটিআই কাজ করবে সিএনএনের স্থানীয় প্রতিনিধি স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। এ ছাড়াও বাংলাদেশের পাঁচটি সম্ভাবনাময় রপ্তানি খাতের পাশাপাশি নির্বাচিত শিল্পের অধীনস্থ ১০টি শীর্ষস্থানীয় রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করবে সিএনএন।
বিএফটিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়দুল আজম বলেন, “সিএনএন যে ধরনের মানসম্মত কনটেন্ট তৈরি করে, সেগুলো বিশ্বব্যাপী প্রচারের মাধ্যমে আমাদের বিভিন্ন শিল্পের রপ্তানি কৌশল নিশ্চিত করাসহ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদে দেশের সামষ্টিক অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।”
বিভিন্ন বেসরকারি অ্যাসোসিয়েশন, সংগঠন, চেম্বার ও কোম্পানিকে এই উদ্যোগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে নিজেদের ব্র্যান্ডকে বিশ্বব্যাপী প্রচারের সুযোগ গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।
