• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বোয়ালমারীতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভীতিপ্রদর্শন আ’লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী আটক

জুলাই 6, 2023

আমীর চারু বাবলু বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের থেকে মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম কবিরকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে জনসম্মুখে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

তিনি ফরিদপুর-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

ডা. গোলাম কবির নিজেকে ফরিদপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্য বিষয়ক সাবেক সদস্য বলে দাবি করে আসছেন ।

বৃহস্পতিবার(৬ জুলাই) দুপুর তিনটার দিকে উপজেলার পৌরসদরের চৌরাস্তা সংলগ্ন খান প্লাজায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, পৌরসদরের চৌরাস্তা সংলগ্ন খান প্লাজায় ডাঃ গোলাম কবির নার্সিং ইনস্টিটিউট নামে ডাঃ গোলাম কবিরের একটি প্রতিষ্ঠান রয়েছে। খান প্লাজার মালিক সালমা বেগমের সঙ্গে দীর্ঘদিন যাবত ভাড়া নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ডাঃ গোলাম কবির ও বিল্ডিংয়ের মালিক সালমা বেগমের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে ডাঃ গোলাম কবির শর্টগান প্রদশর্ন করেন এবং ভয়ভীতি দেখান। স্থানীয় লোকজন ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আগ্নেয়াস্ত্রসহ ডাঃ গোলাম কবিরকে থানায় নিয়ে যান।

স্থানীয় ব্যাবসায়ী মিজান চৌধুরী বলেন,হট্টগোল দেখে এগিয়ে গিয়ে দেখি ডাঃ গোলাম কবির শর্টগান বের করে গুলি করতে উদ্যোত হয়েছেন। তার ড্রাইভার ও স্থানীয় লোকজন এ সময় তাকে নিবৃত করতে চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

বিল্ডিং মালিক সালমা বেগমের মেয়ে জন্নাতুল ফেরদৌস নিপা বলেন,তিনি জোর করে আমাদের ফ্লাট দখল করতে চান। ভাড়া দেন না। ফ্লাটে মেয়েদের নিয়ে অসামাজিক কার্যকলাপ করেন। ভাড়া চাইলে ভয়ভীতি দেখান। শর্টগান নিয়ে আমার মাকে গুলি করতে যান। আশাপাশের লোকজন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিল্ডিং মালিক সালমা বেগম বলেন, ডাঃ গোলাম কবির কোন প্রকার চুক্তি ছাড়াই আমার একটি ফ্লাট দখল করে রেখেছন। ভাড়া দেননা। তিনি এখন আমার পুরো বিল্ডিং দখল করতে চান। বৃহস্পতিবার দুপুরে তিনি ভবনে এলে তার কাছে ভাড়া চাইলে তিনি আমার ও আমার মেয়ের উপর ক্ষিপ্ত হন এবং শর্টগান দিয়ে আমাকে গুলি করতে ধেয়ে আসেন। আশপাশের লোকজন ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ অস্ত্রসহ তাকে থানায় নিয়ে গেছে। আমার জীবনের কোন নিরাপত্তা নেই।আমি তার শাস্তি দাবি করি।

এ বিষয়ে অভিযুক্ত ডাঃ গোলাম কবির বলেন,সব মিথ্যা কথা। আমি নতুন অস্ত্র কিনেছি। লাইসেন্স করার জন্য ফরিদপুর ডিসি অফিসে যাচ্ছিলাম বিল্ডিংয়ের মালিক সালমা বেগম ও তার মেয়ে নিপা আমার উপর জোরজবরদস্তি করে এবং অস্ত্র কেড়ে নিতে চায়।তখন তাদের সাথে ধস্তাধস্তি হয়।

ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বলেন,কৃষক লীগের জেলা কমিটির সাথে তার কোন সম্পর্ক নেই। তিনি ভুয়া পরিচয় দেন। তাকে এর আগেও ভুয়া পরিচয় দেওয়া ও কৃষক লীগের নাম ভাঙতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি তা শোনেন না। তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দ্বায়ভার কৃষক লীগ বহন করবে না।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম সুমন বলেন, একটি কালো রঙের শর্টগান (১২বোর)সহ ডাঃ গোলাম কবিরকে থানায় আনা হয়েছে। তিনি নতুন লাইসেন্স করেছেন। আজকে তার ডিসি অফিসে যাওয়ার কথা ছিল।
তিনি আরো বলেন- শুনেছি বিল্ডিং মালিকের সঙ্গে ভাড়া ও চুক্তি নিয়ে তার ঝামেলা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আটক নয়,অস্ত্র জব্দ করা হয়েছে। ডাঃ গোলাম কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এভাবে প্রকাশ্যে জনসম্মুখে অস্ত্র প্রদশর্ন ও ভয়ভীতি দেখান আইনগত অপরাধ। তার অস্ত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments