আমীর চারু বাবলু, প্রতিনিধি, বোয়ালমারী ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ী আমানা গ্রুপের পরিচালক, তরুণ শিল্পপতি, শিক্ষানুরাগী মো. দেলোয়ার হোসেন।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ৫শত শিক্ষার্থীর মাঝে বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব রোধে এসব চারা বিতরণ করেন তিনি।
বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন – বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশে এখন আর ঋতুবৈচিত্র চোখে পড়েনা। আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই ফলে ঘনঘন প্রচণ্ড দাবদাহ, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে।
এর থেকে পরিত্রাণ পেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা নিজেরা গাছ লাগাবো ও অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। গাছের যত্ন করবো।
এ সময় তিনি দেশের প্রতিটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষকদেরকে – শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করতে আহ্বান জানান। সেই সাথে তিনি সম্প্রতি ডেংগুর পাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টিতে ডেংগু প্রতিরোধে নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, আওয়ামী লীগ নেতা আব্দুস সত্তার বিশ্বাস, সহকারী শিক্ষক ফাতিমা জান্নাত, নাজমা বেগমসহ পরিচালনা পর্ষদের সদস্যগণ ও শিক্ষক কর্মচারীবৃন্দ।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে বিদ্যালয়টি চত্বরে বৃক্ষরোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
