মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধুর লাশ রেখে স্বজনেরা পলায়ন করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নগরকান্দা উপজেলার আটকাহনিয়া গ্রামের এলাহী শেখের স্ত্রী ফারজানা বেগম (২৫) কে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। কর্মরত চিকিৎসক ফারজানাকে মৃত্যু ঘোষনা করলে রোগীর স্বজনেরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
প্রতিবেশীরা জানান, ফারজানার বাবার বাড়ী ময়মসসিংহ জেলায়। এলাহী ঢাকায় মুরগীর ব্যবসা করার সুবাদে ফারজানার সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। ঘটনার দিন সকালে দু’জনে ঝগড়া করেছিল।
ফারজানার স্বামী এলাহী শেখ পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
নগরকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরহাদ হোসেন বলেন, রোগীর স্বজনেরা জানিয়েছেন গলায় ফাস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আমি পরীক্ষা করে রোগীকে মৃত ঘোষনা করলে স্বজনেরা পালিয়ে যায়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
