
রাজিউল হাসান পলাশ : ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত। এ উপলক্ষে উপজেলা মিলনায়তন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা ২০ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডের দিন আজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় সংযোজিত হয়েছিল।
জাতীয় শোকদিবস উপলক্ষে ধামরাই উপজেলায় সকালে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের পক্ষ হতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান।
এছাড়াও জাতীয় শোকদিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
