
ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি টিভি চ্যানেল বিজয় টিভির জুলহাস উদ্দিন (৩৫) নামে এক সাংবাদিককে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।
গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, খুনিরা পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা দুই খুনিকে আটক করে ধামরাই থানা পুলিশের কাছে তুলে দেয়। এদের মধ্যে একজন নিহত সাংবাদিকের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী শাহীন ও দ্বিতীয় জন সহযোগী মোজাম্মেল।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা কারা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে নিহতের ২য় স্ত্রীর আগের স্বামী এই হত্যাকান্ড ঘটিয়েছে।
