
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে কিস্তি আদায় শেষে অফিস ফেরার পথে ইসমাইল হোসেন (২৪) নামে এক এনজিও কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় হত্যায় জড়িত মোঃ রাজীব (৩০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সাড়ে বারোটার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (২৪) ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমরাইল এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে। সে ২ বছর ধরে সন্ধীমানব উন্নয়ন সংস্থায় মাঠকর্মী পদে কাজ করত।
আটক মোঃ রাজীব (৩০) একই গ্রামের মৃত আব্দুল ছালামের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে বনেরচর গ্রামে কিস্তি আদায় শেষে অফিস ফেরার পথে রাজীবসহ ৩ জন ইসমাইল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড প্রাথমিকভাবে তা জানা যায়নি।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, মঙ্গলবার দুপুরে এই হত্যাকান্ড ঘটে, নিহত ব্যাক্তি এনজিও কর্মী বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এনজিওর টাকা উত্তোলনকে কেন্দ্র করে অথবা টাকা ছিনতাই করার কারণে এই ঘটনা ঘটতে পারে। এই হত্যাকান্ডের সাথে তিন জন জড়িত। উপস্থিত জনতার সাহায্যে পুলিশ একজন আসামী গ্রেফতার করেছে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকী আসামীদের অতি দ্রুত আটক করা হবে।
