
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রায় এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ধামরাই পৌরসভার লাকুরিয়া পাড়া এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় দরিদ্র, অসহায় ও দুঃস্থ প্রায় এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে নাজমুল হাসান অভি বলেন বলেন, “পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সমাজের সব স্তরের মানুষের সাথে ভাগ করে নিতেই আমাদের নেতা, এদেশের মানুষের হৃদয়ের ‘প্রধানমন্ত্রী’ দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।”
নাজমুল হাসান অভি বলেন, দেশের সকল মানুষ আনন্দের সাথে ঈদ উদযাপন করবে। শুধু ঈদ না তারেক রহমান দেশের জনগণকে সারাবছরই স্বচ্ছল রাখতে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। অচিরেই কৃষক কার্ড দেয়া হবে। দেশের অর্থনীতিতে উন্নয়নের ধারা বজায় রাখতে নিরলস পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: শাহিন আহমেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন প্রমুখ।
